- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: শনিবার, ১৪ মার্চ , ২০২৬
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
শনিবার (১৪ মার্চ) বিকেলে বাংলাদেশ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্রমতে, রোকনুজ্জামান সরকার রোকন দীর্ঘদিন ধরে ময়মনসিংহে বিএনপির রাজনীতিতে সক্রিয়। সর্বশেষ তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে ছাত্রজীবনে তিনি ময়মনসিংহ সরকারি কলেজের জিএস এবং ভিপি নির্বাচিত হন। এরপর কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্বও পালন করেন। এছাড়া তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

