বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

Teal Corporate Business Conference Zoom Virtual Background_20260305_230451_0000

মতিন রহমান, বকশীগঞ্জ, জামালপুর সংবাদদাতা | 

জামালপুরের বকশীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ী ও তার ছেলের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ইফতারের পর বকশীগঞ্জ পৌরসভার পুরাতন গরুহাটি এলাকায় এ হামলা হয়।

আহতরা হলেন আসাদুজ্জামান ক্যাবল নেটওয়ার্ক ও ডিশ ব্যবসায়ী মোখলেছুর রহমান (৬০) এবং তাঁর বড় ছেলে ইলিয়াছ হোসেন (৪০)। বর্তমানে তাঁরা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, মোখলেছুর রহমানের সঙ্গে তাঁর ভাই সোলাইমান ও ভাতিজা জীবনের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার ইফতার শেষ করে মোখলেছুর রহমান ও তাঁর বড় ছেলে ইলিয়াছ হোসেন পুরাতন গরুহাটি এলাকার নিজ বাসা থেকে বের হচ্ছিলেন। এসময় সোলাইমান ও জীবনসহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাবা ও ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

পরে তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত মোখলেছুর রহমানের ছোট ছেলে আসাদুজ্জামান বলেন,আমার চাচা সোলাইমান ও তাঁর ছেলে জীবন পরিকল্পিতভাবে লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আমার বাবা ও ভাইয়ের ওপর হামলা করেছে। তাঁরা হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

তবে হামলার এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সোলাইমান হক। তিনি দাবি করেন, এ ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সোলাইমান হক বলেন: তারা পরিকল্পিতভাবে নিজেরা নিজেরা মারামারি করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমরা বা আমাদের পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নই। আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com