- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ , ২০২৬
দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও দুর্যোগ সচেতনতামূলক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং জেলা প্রশাসন, লালমনিরহাটের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সকালে দিবসটি উপলক্ষে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনায় ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা বিষয়ক মহড়া’ অনুষ্ঠিত হয়। মহড়ায় কৃত্রিমভাবে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান প্রদর্শন করা হয়। কীভাবে জরুরি অবস্থায় জানমাল রক্ষা করা যায় এবং আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিতে হয়, তা হাতে-কলমে সাধারণ মানুষকে দেখানো হয়।
আয়োজনে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি অংশ নেয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউটস, রোভার স্কাউটস ও গার্লস গাইড। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

