- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: মঙ্গলবার, ১৯ বৃহস্পতিবার, ২০২৬
মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর)
জামালপুরের বকশীগঞ্জে একটি পুকুর থেকে নিখোঁজ এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।
মারা যাওয়া ব্যক্তির নাম ইশতিয়াক হোসেন (৩৮)। তিনি সাতানীপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, ইশতিয়াক দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা থেকে ইশতিয়াক হোসেন নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে গ্রামের হারুন অর রশিদের পুকুরে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা লাশটি পানি থেকে ডাঙায় তোলেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে ইশতিয়াকের লাশ শনাক্ত করেন।
স্বজনদের ধারণা, পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ মৃগী রোগের তীব্রতা বাড়ায় তিনি পানিতে পড়ে যান। পরে আর পানি থেকে উঠতে না পেরে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

