প্রতিশ্রুতির ফুলঝুরিতেই সীমাবদ্ধ সংস্কার: বেহাল দশায় ময়মনসিংহের শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়ক

IMG-20260404-WA0005

মোঃ ফরহাদ আলী , ময়মনসিংহ

বহুবার সংস্কারের আশ্বাস, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেই। বছরের পর বছর ধরে ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে পরানগঞ্জ পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের মধ্যে অন্তত ৪ কিলোমিটার রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় জনসাধারণ।

বিশেষ করে চর হরিপুর কালাকুরের পাড় থেকে চর-খরিচা হৃদয় মোড় হয়ে চর-খরিচা বাজার পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। খানাখন্দে ভরা এই সড়কটি এখন যান চলাচলের একেবারেই অনুপযোগী। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এই পথে যাতায়াত করছেন লাখ লাখ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো সড়কজুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই এই গর্তগুলো ছোটখাটো ডোবায় পরিণত হয়। যানবাহন চলছে হেলেদুলে, আর চারপাশ কাদা-পানির দখলে।

স্থানীয়রা জানান, মাটি ও মাছবাহী ভারী ট্রাক এবং ডাম্পট্রাক চলাচলের কারণে শুষ্ক মৌসুমে ধুলোবালিতে এবং বর্ষা মৌসুমে কাদাপানিতে তাদের সীমাহীন কষ্ট সহ্য করতে হয়। বিশেষ করে কোনো গুরুতর রোগী বা প্রসূতি মাকে হাসপাতালে নিতে গেলে সবচেয়ে বেশি বেগ পেতে হয়। তখন এই চার কিলোমিটার রাস্তাই যেন মরণফাঁদ হয়ে দাঁড়ায়।

বিগত সরকারের আমলে সড়কটির নির্মাণ ও সংস্কার কাজ শুরু হলেও চর হরিপুর কালাকুরের পাড় থেকে চর-খরিচা হৃদয় মোড় পর্যন্ত ৪ কিলোমিটারের কাজ হঠাৎ থমকে যায়। এরপর আর কোনো অগ্রগতি হয়নি।

সড়কটির বেহাল দশার কথা স্বীকার করে এলজিইডির ময়মনসিংহ সদর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, "সড়কটি মেরামতের জন্য প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছিল এবং কাজ শুরুও হয়েছিল। কিন্তু শম্ভুগঞ্জ থেকে চর হরিপুর কালাকুরের পাড় হয়ে চর-খরিচা হৃদয় মোড় পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের কাজ করতে সংশ্লিষ্ট ঠিকাদার অস্বীকৃতি জানান।

তিনি আরও বলেন, "বরাদ্দ পেলে এবং নতুন করে দরপত্র আহ্বান করে দ্রুত এই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

তবে স্থানীয় বাসিন্দারা আর আশ্বাসে বিশ্বাস রাখতে রাজি নন। তাদের একটাই দাবি, অবিলম্বে এই জনগুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ শুরু করে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো হোক।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com