ইনডিপেনডেন্টের সাংবাদিক মুসাসহ ৫ গণমাধ্যমকর্মীকে লাঞ্ছিত করলেন মমেক চিকিৎসক

VideoCapture_20260329-214542

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম রোগের প্রাদুর্ভাব নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক নারী চিকিৎসকের হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক আবু সালেহ মো. মুসাসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী।

রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের ৩১ নম্বর (শিশু) ওয়ার্ডে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

জানা গেছে, সম্প্রতি মমেক হাসপাতালে হাম রোগের ব্যাপক প্রকোপ দেখা দিয়েছে। গত ১২ দিনে ১০৬ জন হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং এর মধ্যে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে হাসপাতাল কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়েই সাংবাদিকরা সেখানে যান।

ভুক্তভোগীরা জানান, তথ্য সংগ্রহ ও সাক্ষাৎকার নিতে গেলে কোনো উসকানি ছাড়াই দায়িত্বরত এক নারী চিকিৎসক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি সাংবাদিকদের কাজে বাধা দেন এবং ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে আনসার ও সিকিউরিটি ডেকে সাংবাদিকদের বের করে দেওয়ার নির্দেশ দেন। ভিডিও ফুটেজে তার অপেশাদার আচরণের প্রমাণ পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তার নাম জানা সম্ভব হয়নি।

এ ঘটনায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি আবু সালেহ মো. মুসা ও ক্যামেরাম্যান সুমন আহমেদ, দেশ টিভির ক্যামেরাম্যান কাউসার মিয়া এবং আঞ্চলিক অনলাইন প্ল্যাটফর্ম 'আঙ্গর টিভি'র প্রতিনিধি শাওন ও জহিরুল লাঞ্ছনার শিকার হন।

এ বিষয়ে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাঈন উদ্দিন জানান, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এমন সংবেদনশীল বিষয়ে চিকিৎসকের এমন আচরণে স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com