মাদক, জুয়া ও দেহব্যবসা রুখতে অষ্টধারে এক সপ্তাহের আল্টিমেটাম

Dailyreporttm_20260328_123303_0000

মোঃ ফরহাদ আলী, ময়মনসিংহ:

দীর্ঘদিন ধরে কয়েকটি সংঘবদ্ধ সিন্ডিকেটের দৌরাত্ম্যে ময়মনসিংহের সদর উপজেলার ১নং অষ্টধার ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদক, জুয়া এবং দেহব্যবসাসহ নানা অসামাজিক কার্যকলাপের ভয়াবহ নৈরাজ্য তৈরি হয়েছে। যুবসমাজ ধ্বংসের মুখে পড়ায় এবং এলাকার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হওয়ায় অবশেষে এসব অপরাধের বিরুদ্ধে একাট্টা হয়ে মাঠে নেমেছে অতিষ্ঠ এলাকাবাসী।

অসামাজিক কার্যকলাপ ও মাদক নির্মূলের লক্ষ্যে সম্প্রতি অষ্টধার ইউনিয়নের কুঠুরাকান্দা-মোলাঘাটা গ্রামে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজ, ছাত্রনেতা এবং আলেম সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১নং অষ্টধার ইউনিয়ন তাবলিগ জামাতের জিম্মাদার জনাব আলাউদ্দিন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ও ময়মনসিংহ কোতোয়ালি থানা বিএনপির সদস্য জনাব মো. কছিমউদ্দিন মেম্বার, ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব আশিকুল ইসলাম হাসি, ইউনিয়ন বিএনপি নেতা জনাব কবির হোসেন মিস্টার এবং যুবদল নেতা জনাব মো. মঞ্জুরুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা কোনো এক অদৃশ্য শক্তির ছত্রছায়ায় এলাকায় কয়েকটি অপরাধী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। বর্তমানে অষ্টধার সেনপাড়া, পুঠুরাকান্দা, রেলগেট, নিমতলা বাজার এবং পান্ডাপাড়া এলাকাগুলো মাদক বেচাকেনা ও অসামাজিক কাজের ‘হটস্পট’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

এলাকাকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত করতে অনুষ্ঠিত ওই সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু কঠোর ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলো হলো—

সামাজিক প্রতিরোধ কমিটি গঠন: অপরাধ দমনে দ্রুত একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ কমিটি গঠন করা হবে। 

১. এক সপ্তাহের আল্টিমেটাম: মাদকসেবী, বিক্রেতা এবং অন্যান্য অপরাধীদের আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অপরাধমূলক কাজ চিরতরে পরিত্যাগ করতে হবে। অন্যথায় তাদের অত্র এলাকা ত্যাগ করতে বাধ্য করা হবে।

২.হিরাগতদের প্রবেশে নজরদারি: বহিরাগত বা অপরিচিত কোনো সন্দেহভাজন ব্যক্তি বা অপরাধী এলাকায় প্রবেশ করলে, তাকে জিজ্ঞাসাবাদ সাপেক্ষে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

৩.আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়: অপরাধ প্রতিরোধ কমিটি সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সার্বিক সহযোগিতা করবে এবং তাদের সাথে পরামর্শ করে অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

মাদক বিক্রেতাদের প্রতি কঠোর অবস্থান নিলেও মাদকসেবীদের প্রতি মানবিক ও সংশোধনমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে এলাকাবাসী। সভায় সিদ্ধান্ত হয়, কোনো মাদকসেবী শনাক্ত হলে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন বা শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে, বরং কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

মাদক ও অসামাজিক কার্যকলাপের ভয়াবহ থাবা থেকে অষ্টধার ইউনিয়নকে বাঁচাতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও আলেম সমাজের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। তবে সিন্ডিকেটগুলোর শিকড় উপড়ে ফেলতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জোরালো হস্তক্ষেপ ও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com