মুক্তাগাছা উপজেলা নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে শক্ত প্রার্থী সোহাগ

Dailyreporttm_20260311_102629_0000

ছবি: মোহাম্মদ নূরে হাসানুজ্জামান (সোহাগ)

নিজস্ব প্রতিবেদক, মুক্তাগাছা (ময়মনসিংহ):

আসন্ন মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন মেরুকরণ ও হিসাব-নিকাশ। সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মাঝে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা সরগরম হয়ে উঠেছে। এর মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন সাবেক তুখোড় ছাত্রনেতা এবং বর্তমান ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে হাসানুজ্জামান (সোহাগ)।

শিক্ষাজীবন ও পারিবারিক পরিচিতি

মোহাম্মদ নূরে হাসানুজ্জামান ১৯৮৫ সালের ২৮ ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. নূর হোসেন এবং মাতা মোছা. বেদেনা খাতুন। তিনি ২০০১ সালে ঐতিহ্যবাহী মুক্তাগাছা আর. কে. হাই স্কুল থেকে সফলতার সাথে এসএসসি এবং ২০০৩ সালে মুক্তাগাছা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি বিএসএস ডিগ্রি অর্জন করে নিজের শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখেন।

রাজনৈতিক পথচলা ও ত্যাগ

কলেজে অধ্যয়নরত অবস্থাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের হাতেখড়ি। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা মুক্তাগাছা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিসেবে দীর্ঘসময় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতিতে তার সাহসী ভূমিকা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আপসহীন মনোভাব তাকে এলাকায় ব্যাপক জনপ্রিয় করে তোলে।

বর্তমানে তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা এবং নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর কারণে তিনি বিএনপির হাইকমান্ড এবং স্থানীয় সাধারণ ভোটারদের কাছে একজন বিশ্বস্ত মুখ।

নির্বাচনী ভাবনা ও প্রত্যাশা 

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার বিষয়ে মোহাম্মদ নূরে হাসানুজ্জামান বলেন, “আমি ছাত্রজীবন থেকেই মানুষের অধিকার আদায় এবং সমাজসেবার ব্রত নিয়ে রাজনীতি করে আসছি। দলের সুসময় ও দুঃসময়—সব পরিস্থিতিতেই আমি আদর্শের সাথে আপস করিনি। দল যদি আমাকে যোগ্য মনে করে সমর্থন দেয় এবং সাধারণ জনগণ যদি তাদের মূল্যবান ভোটে আমাকে নির্বাচিত করে, তবে আমি মুক্তাগাছা উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

জনগণের সমর্থন

স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মনে করছেন, নূরে হাসানুজ্জামানের মতো ত্যাগী, শিক্ষিত এবং পরিচ্ছন্ন ইমেজের তরুণ নেতার হাতে জনপ্রতিনিধিত্বের দায়িত্ব গেলে মুক্তাগাছার সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা পাবে। সব মিলিয়ে আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনি একটি বড় চমক দেখাতে পারেন বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com