- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই , ২০২৬
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের নিমুরিয়া (মধ্যপাড়া) এলাকায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
পুলিশের সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেল আনুমানিক ৩টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী সুমন আহমেদ (২৫) তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে পাশের একটি নির্মাণাধীন ভবনের টিউবওয়েল কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় শিশুটি ভয়ে বিষয়টি গোপন রাখে। ঘটনার পর থেকে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
এ ঘটনায় শিশুটির মা শাহিনা আক্তার বাদী হয়ে অভিযুক্ত সুমন আহমেদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটি প্রতিবেশী এক কিশোরীর কাছে ঘটনার বর্ণনা দিলে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে। পরে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত সুমন আহমেদকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে নির্মাণাধীন বিল্ডিং এ নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভয়ে শিশুটি সাথে সাথে কাউকে ঘটনাটি না জানালেও পরবর্তীতে খেলার সময় প্রতিবেশী এক শিশুকে জানায়। এ ঘটনায় মামলা হয়েছে। ধৃত আসামি সুমন ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। এরপর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

