
মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন অভিযুক্ত মাদক কারবারি রুবেল মিয়া।
রবিবার (৯ আগস্ট) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের উপজেলা মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে একটি বিশেষ টিম পৌর শহরের উপজেলা মোড় এলাকার লালু মিয়ার ছেলে রুবেল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘর তল্লাশি করে ৮১২ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার নগদ ৪ লাখ ৯ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বলেন, "আমাদের উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তাকে আইনের আওতায় আনতে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।"
তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "মাদকচক্রের বিরুদ্ধে তরুণ সমাজকে ২৪-এর মতো আবারও জেগে উঠতে হবে। আপনাদের সামান্য সহযোগিতা ও তথ্য পেলে আমরা খুব দ্রুত এ সমাজকে মাদকমুক্ত করতে সফল হব।