
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলচেষ্টা এবং বাধা দেওয়ায় এক দম্পতিকে পিটিয়ে গুরুতর জখম ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ৬ জুলাই বিকেল আনুমানিক ৩টার সময় ১১নং ঘাগড়া ইউনিয়নের উজান ঘাগড়া হাতই বাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ তাসলিমা আক্তার (৪২) বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উজান ঘাগড়া হাতই বাড়ী এলাকার বাসিন্দা মোঃ শাহজাহান মিয়ার (৫০) পৈতৃক সূত্রে পাওয়া ৩ একর ২৭ শতাংশ জমি (খতিয়ান নং- ৭৮৩, মৌজা- ঘাগড়া) দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত জলিল সিকদারের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৩৫), মোঃ আলম মিয়া (৪২), মোঃ আরিফ মিয়া (২৮), মোঃ শরিফ মিয়া (২৫), মোঃ জনি মিয়া (৩৩) এবং মৃত মিরাজ আলীর ছেলে মোঃ বারেক মিয়া (৬০) সহ মোট ৯ জন নামীয় এবং আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছিল।
তারই ধারাবাহিকতায়, গত ৬ জুলাই বিকেলে বিবাদীগণ উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণের কাজ শুরু করে। খবর পেয়ে তাসলিমা আক্তার ও তার পরিবারের লোকজন সেখানে গিয়ে বাধা দিলে বিবাদীগণ তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করলে তাসলিমা আক্তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর জখম হন। স্ত্রীকে বাঁচাতে স্বামী মোঃ শাহজাহান মিয়া এগিয়ে আসলে বিবাদীগণ তাকেও পিটিয়ে নীলাফুলা জখম করে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় এসআই আব্দুল্লাহ আল আজদ বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।