
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত যুগান্তকারী ONE CHILD ONE TREE (এক শিশু, এক গাছ) কর্মসূচির আওতায় এবং জলবায়ু পরিবর্তন রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে বৃক্ষরোপণ কর্মসূচি ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৯ জুন, ময়মনসিংহ সদরের অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসার উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচির আয়োজন করা হয়।মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবু তালহা-এর সার্বিক ব্যবস্থাপনা ও নির্দেশনায় এই সবুজায়ন কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির শুরুতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মাদ্রাসার আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে মাদ্রাসার শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবু তালহা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ দেশের পরিবেশ রক্ষায় একটি মাইলফলক। প্রতিটি শিশু যদি একটি করে গাছ লাগায় এবং তার পরিচর্যা করে, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
শিক্ষার্থীরাও এমন একটি মহতী উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে এবং পরিবেশ রক্ষায় নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে।