
লালমনিরহাটঃপ্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করায় ক্ষিপ্ত হয়ে ওসি'র অপসরন দাবি করা উপজেলা বিএনপি'র আহবায়কের শাস্তির দাবি উঠেছে।
রোববার(১৪ জুন) দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সেষে সংবাদ সম্মেলনে এ দাবি তোলে উপজেলা বিএনপি'র একাংশ।
উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক শামছুজ্জামান সবুজ সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা রেখে লালমনিরহাট ২ আসনের মানুষ রোকন উদ্দিন বাবুলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন। দলের চেয়ারম্যানের এ নির্দেশ উপেক্ষা করে কালীগঞ্জ উপজেলা বিএনপি'র আহবায়ক মনোনায়ন বঞ্চিত জাহাঙ্গীর আলম বিগত নির্বাচনে ধানের শীষের বিপক্ষে অবস্থান নেন। ধানের শীষের বিজয়কে ঠেকাতে ব্যর্থ হয়ে হিংসাত্বক মনোভাবে উন্নয়ন কার্যক্রমকে বাঁধাগ্রস্থ করার অপচেষ্টা করছে।
শুধু তাই নয়, বিএনপি'র আহবায়কের ব্যানার ব্যবহার করে প্রশাসনকে দায়িত্ব পালনে নানান ভাবে বাঁধাগ্রস্থ করছেন তিনি। সাম্প্রতিক সময় কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাশকতা মামলার এজাহার নামীয় আসামী আজিজার রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আজিজার রহমান উপজেলা বিএনপি'র আহবায়ক জাহাঙ্গীর আলমের ভায়রা। ভায়রাকে গ্রেপ্তার করায় ওসি'র প্রতি ক্ষিপ্ত হয়ে তার অপসরনের নামে উপজেলার শান্ত পরিবেশকে অশান্ত ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে আহবায়ক ও তার লোকজন।
সংবাদ সম্মেলনে শামছুজ্জামান সবুজ বলেন, বিএনপি'র সাইনবোর্ড ব্যবহার করে যারা ধানের শীষের বিপক্ষে, আওয়ামীলীগকে পুনগঠনে সহায়তা ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে তাদের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক ব্যবস্থা নিতে হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সামছুজ্জামান সবুজ বলেন, ধানের শীষের বিপক্ষে অবস্থান নেয়া নামধারী নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় বিএনপিকে অবগত করা হয়েছে। কেন্দ্র থেকে বলা হয়েছে, এসব অপশক্তির বিষয়ে গোয়েন্দা তথ্য কেন্দ্রে রয়েছে। ক্রমান্বয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। আমরা এ বিষয়টি এবার লিখিত আকারে কেন্দ্রীয় বিএনপিকে অবগত করব। আত্নীয়কে বাঁচানোর নামে আওয়ামী ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টাকারীদের কোন ভাবেই ঠাঁই দেয়া হবে না। যারা আত্নীয়কে বাঁচাতে না পেয়ে ক্ষিপ্ত তারা কখনই দল বা দেশকে ভালবাসে না। তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
এর আগে একই দাবিতে উপজেলা বিএনপি'র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার তুষভান্ডার বাজার প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয় চত্ত্বরে সমাবেশে মিলিত হয়।
সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক বিধান কান্তি, জেলা বিএনপি'র সদস্য অধ্যক্ষ সালেহ আহমেদ, গজর উদ্দিন পাটোয়ারী, খালেকুজ্জামান হেলাল, উপজেলা যুবদলের সদস্য সচিব কুদর ই মেহেরবান মিঠু প্রমুখ।