Dailyreport Live
Dailyreport Live
Wednesday, 22 Apr 2026 18:00 pm
Dailyreport Live

Dailyreport Live

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারি যখন পুরো বিশ্বকে স্থবির করে দিয়েছিল, তখন অনেকেই হতাশায় দিন পার করেছেন। কিন্তু সেই সংকটময় মুহূর্তকেই নিজের জীবনের নতুন সম্ভাবনায় রূপ দিয়েছেন ৩২ বছর বয়সী নারী উদ্যোক্তা সম্পা সরকার। পরিবারের সুস্বাস্থ্যের কথা ভাবতে গিয়েই শুরু করা উদ্যোগ আজ তাঁকে বানিয়েছে ময়মনসিংহের একজন সফল নারী উদ্যোক্তা। ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত কেক ও খাবার বিক্রি করে বর্তমানে তিনি মাসে আয় করছেন ৪০ হাজার টাকারও বেশি।

সম্পা সরকারের বেড়ে ওঠা নেত্রকোনায়। নেত্রকোনা গার্লস স্কুল থেকে স্কুলজীবন শেষ করার পর, নেত্রকোনা সরকারি কলেজ থেকে বাংলায় অনার্স সম্পন্ন করেছেন তিনি। সংসার জীবনে তিনি দুই সন্তানের স্নেহময়ী মা। পড়ালেখা শেষ করে গতানুগতিক চাকরির পেছনে না ছুটে তিনি বেছে নিয়েছেন উদ্যোক্তা হওয়ার স্বাধীন এই পথ।

সম্পা সরকারের এই সফলতার গল্প শুরু হয় ২০২০ সালে। করোনা মহামারির সেই ভয়াল সময়ে যখন মানুষ বাইরের খাবার খেতে ভয় পাচ্ছিল, তখন নিজের পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে চিন্তিত ছিলেন সম্পা।

তিনি বলেন, ওই সময়টাতে পুরো বিশ্বের অবস্থা খুব খারাপ ছিল। মানুষ বাইরের খাবার খেতে ভয় পাচ্ছিল। আমি আমার নিজের পরিবারের জন্য সবসময় স্বাস্থ্যসম্মত ও হাইজিনিক খাবার দেওয়া প্রেফার করতাম। তখনই চিন্তা করি, আমার পরিবারের মতো ময়মনসিংহবাসীর জন্যও কিছু একটা করা দরকার। কারণ, ঘরে তৈরি টাটকা খাবারই সবচেয়ে বেশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। সেই ভাবনা থেকেই মূলত এই ফুড সেক্টরে আমার পথচলা শুরু।

শুরুতে ছোট পরিসরে কাজ করলেও বর্তমানে বিভিন্ন বিয়ে, জন্মদিন ও অন্যান্য অনুষ্ঠানে ঘরে তৈরি আকর্ষণীয় ডিজাইনের কেক বানিয়ে বিক্রি করছেন তিনি। তাঁর এই স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু কেক ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

তবে উদ্যোক্তা হওয়ার এই পথচলা শুরুতে এতটা মসৃণ ছিল না। সম্পা জানান, "উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করার প্রথম দিকে পরিবার থেকে তেমন কোনো সাপোর্ট পাইনি। কিন্তু আমার কাজ, ক্রেতাদের ইতিবাচক সাড়া এবং ধীরে ধীরে ব্যবসায়িক সফলতা দেখে এখন পরিবার আমাকে পুরোপুরি সাপোর্ট করছে।

দুই সন্তান ও সংসার সামলানোর পাশাপাশি ব্যবসা চালিয়ে যাওয়া সহজ নয়, তবে অদম্য ইচ্ছাশক্তির জোরে সম্পা এগিয়ে যাচ্ছেন। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে এই উদ্যোক্তা জানান, খুব শিগগিরই নিজস্ব একটি আউটলেট দেওয়ার স্বপ্ন রয়েছে আমার, যেখানে মানুষ সরাসরি এসে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও টাটকা খাবারগুলো সংগ্রহ করতে পারবে।

সম্পা সরকারের এই গল্প প্রমাণ করে যে সঠিক ইচ্ছা, সততা এবং মানুষের কল্যাণের কথা ভাবলে যেকোনো পরিস্থিতি থেকেই সফলতার পথে হাঁটা যায়। সংসার সামলেও যে স্বাবলম্বী হওয়া যায়, সম্পা আজ সমাজের বহু নারীর কাছে তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Your application license has expired!
Contact bdtask.com