Dailyreport Live
Dailyreport Live
Wednesday, 22 Apr 2026 00:00 am
Dailyreport Live

Dailyreport Live

ম‌তিন রহমান,বকশীগঞ্জ, জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে পুকুরপাড়ে ছাগল চড়াতে গিয়ে একটি মর্টারশেল সদৃশ বস্তু খুঁজে পেয়েছেন এক নারী। আজ বুধবার বিকেলে উপজেলার কামালপুর উত্তর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানটি ঘিরে রেখেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে কামালপুর উত্তর গ্রামের বাসিন্দা কুলছুমা বেগম (৫০) প্রতিবেশী সাদা মিয়ার পুকুরপাড়ে ছাগল চড়াতে যান। সেখানে তিনি লোহাসদৃশ একটি ভারী বস্তু পড়ে থাকতে দেখেন। সাধারণ লোহার টুকরো ভেবে তিনি সেটি কুড়িয়ে নিজ বাড়িতে নিয়ে যান।

বাড়িতে নেওয়ার পর কুলছুমা বেগমের ছেলে রিয়াজুল ইসলাম বস্তুটি দেখে সেটিকে মর্টারশেল বলে সন্দেহ করেন। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় তিনি দ্রুত বস্তুটি বাড়ি থেকে বের করে নিয়ে যান এবং গ্রামের একটি খোলা জায়গায় পুকুরপাড়ে রেখে স্থানীয়দের জানান। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে ওই এলাকার চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সাধারণ মানুষকে সেখান থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হো‌সেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পুরনো মর্টারশেল। এটি সক্রিয় কি না, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা বিশেষজ্ঞ টিমকে খবর দিয়েছি। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, বকশীগঞ্জের কামালপুর সীমান্ত এলাকাটি মুক্তিযুদ্ধের সময় রণক্ষেত্র হিসেবে পরিচিত ছিল। স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া বস্তুটি মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত কোনো মর্টারশেল হতে পারে।

Your application license has expired!
Contact bdtask.com