
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহে যুবলীগের দুই নেতার নেতৃত্বে বিএনপি সমর্থিত এক কর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে নগরীর আকুয়া খালপাড় এলাকায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিএনপি সমর্থিত কর্মী আরাফাতকে আকুয়া বাইপাস এলাকা থেকে পথরোধ করে একটি সিএনজি অটোরিকশায় তুলে নেওয়া হয়। পরে তাকে আকুয়া খালপাড় এলাকায় নিয়ে গিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে কিল-ঘুষি ও লোহার রড দিয়ে আঘাত করা হয়, এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন।
একপর্যায়ে আরাফাতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় যুবলীগ নেতা আপেল ও রাপেলের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি থানার অপারেশন ইনচার্জ আজহারুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।”
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।