অষ্টধার ইউনিয়নে বিরোধ নিষ্পত্তির চিত্র বদলে দিচ্ছে গ্রাম আদালত

Dailyreporttm_20260624_164055_0000

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহ সদর উপজেলা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের একটি প্রত্যন্ত অঞ্চল অষ্টধার ইউনিয়ন। একসময় ছোটখাটো বিরোধের জন্য এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে মানুষকে ছুটতে হতো শহরের থানা বা আদালতে। কিন্তু এখন সেই চিত্র একেবারেই বদলে গেছে। দীর্ঘসূত্রতা, আইনজীবীর বিপুল ব্যয় এবং আইনি জটিলতা ছাড়াই স্থানীয় পর্যায়ে দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন সাধারণ মানুষ। কার্যকর বিরোধ নিষ্পত্তির মাধ্যমে অষ্টধার ইউনিয়ন পরিষদের ‘গ্রাম আদালত এখন হয়ে উঠেছে গ্রামীণ মানুষের আস্থার প্রতীক ও ভরসার জায়গা।

জানা যায়, ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এই সফলতা এসেছে। এই প্রকল্পের অধীনে বিচারিক কাজে প্রশিক্ষণ এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকায় গ্রাম আদালতের সুফল তৃণমূলের দোড়গোড়ায় পৌঁছাচ্ছে।

গ্রাম আদালতের এই সাফল্য নিয়ে অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান বলেন, আগে মানুষ জমিজমা বা পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে সরাসরি আদালত অথবা থানায় দৌড়াত। এতে তাদের ভোগান্তির শেষ ছিল না। কিন্তু গ্রাম আদালত সক্রিয় হওয়ার কারণে এখন এলাকার প্রায় ৫০ শতাংশ সমস্যা কোনো মামলা বা পুলিশি হয়রানি ছাড়াই স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব হচ্ছে। 

আদালতের মামলার দীর্ঘসূত্রতা ও ব্যয়ের কথা তুলে ধরে ইউপি সদস্য আব্দুল বারেক আরজু বলেন, শহরের আদালতে একটি মামলা চালাতে গেলে উকিল, মুহুরি এবং যাতায়াত বাবদ প্রচুর টাকা খরচ হয়। যা অনেক গরিব মানুষের পক্ষে বহন করা অসম্ভব। কিন্তু গ্রাম আদালত থাকায় এখন মানুষের এই বাড়তি খরচ ও মূল্যবান সময়, দুটোই বেঁচে যাচ্ছে।

গ্রাম আদালত থেকে সেবা পেয়ে সন্তুষ্ট স্থানীয় বাসিন্দারাও। আইয়ুব আলী নামে এক বাসিন্দা বলেন, আমাদের এই ইউনিয়ন থেকে ময়মনসিংহ শহরের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। আগে ছোটখাটো বিরোধের জন্য শহরে যেতে হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো এবং দিন নষ্ট হতো। কিন্তু এখন বিনা খরচে এবং অল্প সময়ে আমরা ইউনিয়ন পরিষদ থেকেই ন্যায্য বিচার পাচ্ছি।

সচেতন মহল মনে করছেন, অষ্টধার ইউনিয়নে গ্রাম আদালতের এই কার্যকর ভূমিকার ফলে একদিকে যেমন শহরের থানা ও জজ কোর্টগুলোর ওপর মামলার চাপ কমছে, অন্যদিকে গ্রামীণ সমাজে মামলা-মোকদ্দমার রেষারেষি কমে শান্তি ও সম্প্রীতি বজায় থাকছে।


Comment As:

Comment (0)


Your application license has expired!
Contact bdtask.com