- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: সোমবার, ২৭ জুলাই , ২০২৬
মো ফরহাদ আলী (মায়া) ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মুনজরুল হক মোখলেছ (৫৮) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষক এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।
২৬ জুলাই রোববার বিকেল পাঁচটার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদ সংলগ্ন নিজের নির্মাণাধীন ভবনের ছাদ পরিষ্কার করার সময় এদুর্ঘটনাটি ঘটে।
এসময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সপ্তাহে ভবনটির ছাদের ঢালাইয়ের কাজ শেষ হয়। রোববার বিদ্যালয় থেকে ফিরে তিনি ছাদে জমে থাকা ময়লা পরিষ্কার করছিলেন এবং পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। একপর্যায়ে ময়লা নিচে ফেলতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে যান। নিচে থাকা বিদ্যুতের তারে আঘাত লেগে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। এতে তাঁর কোমর, মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে।
২৭ জুলাই সোমবার সকাল ৯টায় ফুলবাড়িয়া কেআই কামিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম জানাজা এবং সকাল ১১টায় নিজ গ্রাম শুশুতি ডাকের ভিটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসন্তান রেখে গেছেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

