- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: শুক্রবার, ০১ বৃহস্পতিবার, ২০২৬
মোঃ ফরহাদ আলী , ময়মনসিংহ
ময়মনসিংহের মুক্তাগাছায় বৈশাখী মেলায় ঘুরতে গিয়ে বন্ধুদের দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে সিয়াম (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুজনকে আটক করেছে।
শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে বৈশাখী মেলা চলছিল। ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বন্ধুদের সাথে সেই মেলায় ঘুরতে যায় সিয়াম। সেখানে আড্ডার একপর্যায়ে বন্ধুদের দুটি পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়।
এরই জেরে প্রতিপক্ষের বন্ধুরা সিয়ামকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় সজোরে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় সিয়াম মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
মেলায় ঘুরতে গিয়ে এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

