- রিপোর্টারঃ desk report
- প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল , ২০২৬
ভালোবেসে ঘর বেঁধেছিলেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি ও সোহেল কাঠুরিয়ার সংসার। কিন্তু ৩ বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে গেছে তাদের সংসার। গত মাসে মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্ট তাদের ডিভোর্স আবেদন মঞ্জুর করেন। বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন হংসিকা।
তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন এই অভিনেত্রী। এমনকি, তার প্রাক্তন বর সোহেলও টুঁ-শব্দ করেননি। কয়েক দিন আগে ভারতীয় গণমাধ্যম হাটারফ্লাইকে সাক্ষাৎকার দিয়েছেন হংসিকা। এ আলাপচারিতায় ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। হংসিকা মোতওয়ানি বলেন, “আমার পরিবার কোনো কিছু নিয়ে আমাকে চাপ দেয়নি। মানুষ ক্লিকবেইট চেয়েছিল, তারা সেটা পেয়েছে। তারা শিরোনাম চেয়েছিল, সেটাও পেয়েছে। আমি এ বিষয়ে কখনো কিছু পরিষ্কার করিনি, আর করবও না। কারণ এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।” বিবাহবিচ্ছেদ নিয়ে কোনো অনুশোচনা নেই হংসিকার। এ অভিনেত্রী বলেন, “আমার কোনো অনুশোচনা নেই। ভুল ট্রেনে উঠে কষ্ট পাওয়ার চেয়ে নেমে যাওয়াই ভালো। তাই সব ঠিকঠাক আছে। আমার পরিবারের কাছ থেকে আমি অসীম সমর্থন পাই। আমার কোনো অনুশোচনা নেই। তাই আমি এখন যেখানে আছি, সেখানে খুবই সুখী।” বিয়ে ও মাতৃত্ব নিয়ে সমাজের প্রত্যাশা সম্পর্কেও কথা বলেছেন অভিনেত্রী হংসিকা। কেবল তাই নয়, নারীদের জন্য নির্দিষ্ট সময়সীমা কেন নির্ধারণ করা হয়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন। হংসিকা বলেন, “আমি এটা জানি না। তবে আমার সঙ্গে এমন ঘটনা ঘটেনি। আমাকে কখনো এমন ঘেরাটোপে রাখা হয়নি, যেখানে মানুষ বলেছে, ‘বয়স হয়েছে, এখন তোমার বিয়ে করা উচিত।” টিভি সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হংসিকা। পরে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে নাম লেখান। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘দেশামুড়ুরু’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। তারপর তামিল, মালায়ালাম, কন্নড়, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন।

